রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনের দিনেই ইউক্রেনজুড়ে মারাত্মক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (৭ অক্টোবর) এ হামলায় ৫ শিশুসহ ২৫ জন নিহত এবং ১০০ জন মানুষ আহত হয়েছেন।
এমন দিনে ক্ষেপণাস্ত্র বর্ষণ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘পুতিন নিজের জন্মদিনে নিজেকেই যেন উপহার দিলেন—নিরীহ মানুষ ও শিশু হত্যা।’
দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, এ হামলায় ইউক্রেনের একাধিক শিল্প প্রতিষ্ঠান ও জ্বালানি অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে। সেখানে একটি পাঁচতলা আবাসিক ভবনে সরাসরি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পুরো ভবনটি ভেঙে পড়ে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা ২৮ ছাড়িয়ে যেতে পারে।
পুতিনের জন্মদিন উদযাপনের অংশ হিসেবেই যেন এই হামলা চালানো হয়েছে—এমন ইঙ্গিত দিয়ে জেলেনস্কি এটিকে রাশিয়ার অন্যতম জঘন্যতম হামলা বলে আখ্যা দেন।
এদিকে, ইউক্রেনে যুদ্ধের আবহের মাঝেই ফ্রান্সের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ঘিরে ক্রেমলিনের সঙ্গে দেশটির তীব্র কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এটিকে নিজেদের সক্ষমতার ‘স্পষ্ট বার্তা’ বললেও ক্রেমলিন সতর্ক করে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের এই পথ কাউকেই ভালো পরিণতি দেবে না।
বাংলা৭১নিউজ/আরএইচ

























