সৌদি আরবে বসবাস ও কাজের ক্ষেত্রে দক্ষ বিদেশি কর্মীরা নিজেদের কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই যোগ্য পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিয়ে আসার সুযোগ পাবেন।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এর ফলে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া আগের তুলনায় সহজ হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে।
সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়া সহজ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই নতুন ব্যবস্থার অধীনে বিদেশি কর্মীর নিজের ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই তার পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা দেওয়া যাবে। তবে এর জন্য আবেদনের নির্ধারিত সব শর্তাবলি পূরণ করতে হবে। অর্থাৎ, পরিবারকে সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করার জন্য বিদেশি কর্মীকে নিজের ওয়ার্ক ভিসা চূড়ান্ত হওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্রবাসী কর্মীদের স্বজনেরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির বিদ্যমান আইনি কাঠামো ও প্রশাসনিক বিধি অনুসরণ করে তাদের রেসিডেন্স পারমিট বা বসবাসের আনুষ্ঠানিক ছাড়পত্র প্রদান করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ























