অমিতাভ বচ্চনের বয়স ৮৪ বছর হলেও বাস্তবে তার শক্তি ও জীবনযাত্রা ২৪ বছরের কোনো যুবকের মতো—এমন মন্তব্য করে প্রবীণ এই অভিনেতার কাছে মিষ্টি ভাষায় ক্ষমা চেয়েছেন আয়ুষ্মান খুরানা। সম্প্রতি জনপ্রিয় কুইজ শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-এর বিশেষ পর্বে সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার স্মৃতি তুলে ধরতে গিয়ে এই মজার ঘটনা ঘটে।
‘উড়তা তীর’-এর প্রচারে সহ-অভিনেত্রী সারা আলি খানকে নিয়ে গত ৫ অক্টোবর অনুষ্ঠানটিতে উপস্থিত হন আয়ুষ্মান।
অনুষ্ঠানে অমিতাভ ও আয়ুষ্মান ২০২০ সালের সিনেমা ‘গুলাবো সিতাবো’-তে একসঙ্গে কাজের দিনগুলোর কথা স্মরণ করেন। আলোচনার একপর্যায়ে আয়ুষ্মান জানান, ওই সিনেমায় অমিতাভের চরিত্রকে ‘বুড়ো’ বলতে হয়েছিল, যার জন্য তিনি দুঃখিত। তিনি বলেন, বাস্তবে অমিতাভ বচ্চনের বয়স ৮৪ হলেও তার চলাফেরা ও কাজ দেখে ২৪ বছরের তরুণের মতো মনে হয়।
আয়ুষ্মানের এই মজার প্রশংসার জবাবে অমিতাভও রসিকতা করে প্রশ্ন ছোড়েন, ৮৪ বছর বয়সী মানুষ আসলে কী কী করে?
আকাশ এ কৌশিক পরিচালিত স্পাই-কমেডি ঘরানার ছবি ‘উড়তা তীর’-এর ট্রেইলার প্রকাশ পাওয়ার পর ছবিটিতে আয়ুষ্মানের একটি দৃশ্য নিয়ে আলোচনা তৈরি হয়। ছবিতে একজন পাকিস্তানি এজেন্টের চরিত্রে অভিনয় করায় তাকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা গেছে। এ নিয়ে প্রশ্নের মুখে আয়ুষ্মান স্পষ্ট করেন, একজন অভিনেতা হিসেবে তিনি কেবল চিত্রনাট্যের চাহিদাকে গুরুত্ব দিয়েছেন। গল্পের প্রয়োজনেই তিনি চরিত্রটি ফুটিয়ে তুলেছেন বলে জানান এই অভিনেতা।
বাংলা৭১নিউজ/আরএইচ




























