মানিকগঞ্জের বেওথা ঘাটে কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শনিবার (৩ অক্টোবর) দুপুর ৩টা থেকে শুরু হওয়া এ নৌকাবাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শনার্থী।
নৌকাবাইচে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে অর্ধশতাধিক নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা ঘিরে নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নৌকার ছন্দময় বৈঠার তালে আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে কালিগঙ্গার দুই তীর।
মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ্ কবির।
নৌকাবাইচ কমিটির সদস্যসচিব মাসুদ পারভেজ জানান, এবারের আয়োজনে খেল্লা, ঘাসি বা ছিপা, ছান্দি, পানশি ও কলাগাছের ভেলাসহ বিভিন্ন ধরনের নৌকা অংশ নেয়।
তিনি জানান, প্রতিটি বাইচে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ইলেকট্রিক বাইক, ফ্রিজ, টেলিভিশন, মোবাইল ফোন, প্রেসার কুকার ও রাইস কুকার রাখা হয়েছে। এ ছাড়া রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি।
ঐতিহ্যবাহী এ নৌকাবাইচকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা বেওথা ঘাটে আসতে শুরু করেন। দুপুরের পর নদীর দুই পাড়, আশপাশের সড়ক ও বিভিন্ন উঁচু স্থানে মানুষের ভিড় বাড়তে থাকে।
বাংলা৭১নিউজ/আরএইচ























