রাইড শেয়ারিং গাড়িতে ওঠে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় গায়িকা-গীতিকার শ্রিয়া রাও। দিনকয়েক আগে ঘটে যাওয়া সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
তার অভিযোগ, ক্যাবে ওঠার পর থেকেই চালক বারবার তার পায়ের দিকে তাকাচ্ছিলেন। একপর্যায়ে গাড়ির গতি বাড়িয়ে দেওয়া এবং গালাগালেরও অভিযোগ করেছেন শ্রিয়া।
ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন এই গায়িকা। তার আশঙ্কা, অভিযুক্ত চালকের কারণে ভবিষ্যতে আরও যাত্রী গুরুতর সমস্যায় পড়তে পারেন।
শ্রিয়ার ভাষ্য অনুযায়ী, গাড়িতে ওঠার পর থেকেই চালকের আচরণে অস্বস্তি বোধ করছিলেন তিনি। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘প্রথমদিকে গাড়িতে ওঠার সময়ে মুখের দিকে তাকিয়ে শুধু দেখছিল। তার কয়েক সেকেন্ড পরে পায়ের দিকে তাকাচ্ছিলেন। আমারও খুব অস্বস্তি বোধ হচ্ছিল।
মনে হচ্ছিল একেবারেই নিরাপদ নই। পরে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে।’
পরিস্থিতি আরো জটিল হয় যখন চালক গাড়ির গতি বাড়িয়ে দেন। শ্রিয়া জানান, শুরু থেকেই তিনি চালককে গাড়ির গতি কমানোর অনুরোধ করছিলেন। কিন্তু তার অনুরোধে সাড়া না দিয়ে উল্টো আরো দ্রুত গাড়ি চালাতে থাকেন চালক।
এ সময় গালাগালও করা হয় বলে অভিযোগ তার।
সেই মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরে শ্রিয়া আরো বলেন, ‘চালক হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দেওয়ায় শুধু নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম। বারবার মনে হয়েছিল এমন কিছু করবই না, যাতে পরিস্থিতি কোনোভাবে খারাপ হয়ে যায়। তাই মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করেছি।’
শ্রিয়ার দাবি, একপর্যায়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ার কথাও ভেবেছিলেন তিনি। তবে সেটি করলে পরিস্থিতি আরো বিপজ্জনক ও অস্বস্তিকর হয়ে উঠতে পারত বলে সেই সিদ্ধান্ত নেননি।
ঘটনার পর অভিযুক্ত চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রিয়া।
বাংলা৭১নিউজ/আরএইচ





























