রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, তিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর মামুন ও আসলামকে ঘটনাস্থল থেকে এবং মুন্নাকে ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে তথ্য পাওয়ার প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্পে প্রায় ৫০ জনের একটি দল বেআইনিভাবে প্রবেশ করে।
এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন।
অভিযোগে আরো বলা হয়, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। মামলার এজাহারে প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির কথা উল্লেখ করা হয়েছে।
হামলার সময় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতেও অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেপ্তারের পর পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























