ফিফা আসিয়ান কাপে ফিলিপাইনের সাথে ২-২ গোলে ড্র করেছে পাকিস্তান। ইন্দোনেশিয়ার বান্দুংয়ের সি জালাক হারুপাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পাকিস্তান ফুটবল দল।
ম্যাচের প্রথমার্ধে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলে ফিলিপাইন। খেলার ২৪তম মিনিটেই সান্দ্রো রেয়েসের চমৎকার গোলে লিড নেয় তারা। এর ঠিক ৮ মিনিট পর, অর্থাৎ ৩২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফিলিপাইনের ব্যবধান দ্বিগুণ করেন বিয়র্ন ক্রিস্টেনসেন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফিলিপাইন।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বাড়ায় আক্রমণের ধার। তাতে ৪৭তম মিনিটে মুহাম্মদ আলী আকবর খানের দুর্দান্ত গোলে ব্যবধান কমায় পাকিস্তান। এই গোলের পর ফিলিপাইনের রক্ষণে একের পর এক আক্রমণ চালাতে থাকে পাকিস্তানি ফরোয়ার্ডরা।
ধারাবাহিক আক্রমণের ফলশ্রুতিতে ম্যাচের ৬২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই সমতাসূচক গোল। এবার জালের ঠিকানা খুঁজে নেন পাকিস্তানের ডিফেন্ডার আব্দুল শাহজাদ।
ম্যাচের বাকি সময়ে জয়সূচক গোলের জন্য উভয় দলই মরিয়া হয়ে চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। এতে ২-২ গোলের ব্যবধানে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























