ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী উচ্চ বিদ্যালয়ে তীব্র অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এক ছাত্রীর শ্লীলতাহানির মিথ্যা অপবাদ দিয়ে প্রধান শিক্ষকের করা মামলায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক (হিসাব বিজ্ঞান) মো. খালেকুজামানকে গ্রেপ্তারের প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
গত রবিবার ও আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) টানা দুদিন ধরে ক্লাস বর্জন করে বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে শিক্ষার্থীরা। তীব্র উত্তেজনার মাঝেও এখন পর্যন্ত প্রশাসনের কোনো কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন না করায় পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ তুলে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। এই অপবাদের জেরে ওই ছাত্রীর পরিবার কোনো আইনি পদক্ষেপ বা বিচার না চাইলেও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া নিজে বাদী হয়ে সহকারী শিক্ষক খালেকুজামানের বিরুদ্ধে একটি মামলা করেন।
ওই মামলার প্রেক্ষিতে গত শুক্রবার দুপুরে পুলিশ সহকারী শিক্ষক খালেকুজামানকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এদিকে শিক্ষক খালেকুজামানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ছাত্রীর বাবা ইতোমধ্যেই থানায় লিখিতভাবে জানিয়েছেন যে, তার মেয়ের সঙ্গে ওই সহকারী শিক্ষকের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান শিক্ষক সম্পূর্ণ অনধিকার চর্চা করে পরিবারের সম্মতি ছাড়া বাদী সেজে ‘গায়েবি’ মামলা করেছেন, যা তাদের পারিবারিক ও সামাজিক মান-সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
ছাত্রীর বাবা উল্টো প্রধান শিক্ষকের এই ষড়যন্ত্রমূলক আচরণের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এদিকে, আজ সোমবার ভুক্তভোগী ওই ছাত্রী নিজে আদালতে উপস্থিত হয়ে অ্যাফিডেভিটের (হলফনামা) মাধ্যমে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আদালতকে জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সরকারী মোবাইল নাম্বারে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ওসি ঈশ্বরগঞ্জ সাজ্জাদ রোমানকে ফোন দিলৈও তিনিও ধরেননি।
তবে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার জানান, প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা করায় এমন উত্তেজনার সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ আছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























