নেত্রকোনায় ব্যতিক্রমী আয়োজনে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত অস্থায়ী কাঠ ও বাঁশের সেতু উদ্বোধন করেছেন কয়েক শতাধিক শিক্ষার্থী। কোনো জনপ্রতিনিধি কিংবা সরকারি কর্মকর্তা নন, শিক্ষার্থীদের হাতেই সেতুটির উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয়রা।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় সেতুটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেতুটি চালু হওয়ায় আগামী পাঁচ মাস নদীর দুই পাড়ের বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরাও ছোট যানবাহন নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে সহজে যাতায়াত করতে পারবেন।
স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে গত দুই বছর ধরে অস্থায়ী এই সেতু নির্মাণ করা হচ্ছে। প্রায় ৫৫০ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণে আনুমানিক ২০ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। উদ্যোক্তারা জানান, গতবারের তুলনায় এবার দুই লেনবিশিষ্ট সেতু নির্মাণ করায় যাত্রী ও যানবাহন চলাচলে আরও সুবিধা হবে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুর্গাপুরে রয়েছে সাদামাটির পাহাড়, হাজংমাতা রাশিমণির স্মৃতিজাদুঘর, বিজয়পুর, জিরো পয়েন্ট ও শতবর্ষী ক্যাথলিক গির্জাসহ অসংখ্য দর্শনীয় স্থান।
তবে পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বছরের অন্তত ছয় মাসের বেশি সময় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ইঞ্জিনচালিত নৌকায় নদী পার হতে হয়। শুষ্ক মৌসুমে তাঁদের ভরসা অস্থায়ী কাঠের সেতু। এবার দুই লেনের সেতুটি চালু হওয়ায় মানুষ ও যানবাহনের চলাচল আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলা৭১নিউজ/এইচআর























