অভিনেতা মুশতাক খানের মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে হাসপাতালে তার সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা রাজপাল যাদব। বৃহস্পতিবার দুপুরের সেই সাক্ষাতের স্মৃতি এখনো যেন বিশ্বাস করতে পারছেন না রাজপাল।
কারণ দেখা হওয়ার কয়েক ঘণ্টা পরই না ফেরার দেশে পাড়ি জমান প্রিয় সহকর্মী।
২৪ সেপ্টেম্বর মুশতাকের সঙ্গে হাসপাতালে সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন রাজপাল। সেখানে হাসপাতালের শয্যায় শুয়ে থাকা মুশতাককে রাজপালের হাত ধরে থাকতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে আবেগঘন একটি বার্তাও লেখেন তিনি।
রাজপাল লেখেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুরে মুশতাক ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে দেখেছেন, এমনকি আমার সঙ্গে হাতও মিলিয়েছেন।’
সেই সাক্ষাতের স্মৃতি তুলে ধরে তিনি আরো লেখেন, ‘আমরা যা যা বলছিলাম, উনি সব শুনছিলেন।
আমাদের কথোপকথনে সাড়াও দিচ্ছিলেন। মাত্র দু’ঘণ্টা আগে যার সঙ্গে দেখা করলাম এবং হাত মেলালাম, সেই মানুষটা আর আমাদের মধ্যে নেই— এটা এখনো বিশ্বাস করতে পারছি না।’
মুশতাকের মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানিয়ে রাজপাল লেখেন, ‘আমরা সবাই পরমেশ্বরের ইচ্ছার কাছে মাথা নত করি। মুশতাক ভাই জনপ্রিয় একজন মানুষ ছিলেন, আছেন এবং চিরকাল প্রিয় অভিনেতা হয়ে থাকবেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমার শ্রদ্ধা জানাই।
পরে অবশ্য হাসপাতালের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দেন রাজপাল। এর বদলে মুশতাকের একটি ছবি পোস্ট করে তাকে শ্রদ্ধা জানান। তবে এরই মধ্যে এক নেটাগরিক রাজপালের সেই ভিডিওটি পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
৫৬ বছর বয়সে মারা গেছেন মুশতাক খান। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। তার ব্যবসায়িক সহযোগী শিবম জানিয়েছেন, ক্যানসারের কারণেই মৃত্যু হয়েছে মুশতাকের। গত ১৫ দিন ধরে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
‘ওয়েলকাম’, ‘গদর : এক প্রেম কথা’, ‘হেরা ফেরি’, ‘স্ত্রী’, ‘গদর ২’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন মুশতাক। ছোট চরিত্রেও নিজের অভিনয় ও কৌতুকবোধ দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে বলিউডে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























