মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকদের অন্তত ১৪টি হিসাবের ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক রয়েছেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় গ্রাহকের আমানত লোপাটের খবর ছড়িয়ে পড়লে আমানত হারানোর আশঙ্কায় ব্যাংকের মূল ফটকে শত শত গ্রাহক ভিড় করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
খবর পেয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এক নারী গ্রাহক ডিপিএস ও এফডিআরের টাকার খোঁজ নিতে ব্যাংকে এলে জালিয়াতির ঘটনা সামনে আসে। পরে অনুসন্ধানে অন্তত ১৪টি হিসাব থেকে মোট ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের তথ্য পাওয়া যায়।
ভুক্তভোগী আমানতকারীদের অভিযোগ, টাকা জমা দিতে এলে ক্যাশ অফিসার শরীফুজ্জামান রশিদে স্বাক্ষর ও ব্যাংকের সিল দিয়ে ক্যাশ মেমো দিতেন। তবে সেই টাকা ব্যাংকের মূল ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে তিনি আত্মসাৎ করতেন।
আইভরি কোস্টপ্রবাসী মো. বাহাদুরের ভগ্নিপতি শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘আমার শ্যালক বাহাদুরের হিসাবে ৮৫ লাখ টাকা জমা ছিল। হিসাব খোলার পর তিনি কোনো চেকবইও নেননি। আজ ব্যাংকে এসে দেখি, হিসাবে কোনো টাকাই নেই। প্রতারক কর্মকর্তা ব্যাংকের সিস্টেমে ফোন নম্বর পরিবর্তন করে পুরো টাকা তুলে নিয়েছেন। এর মধ্যে ৩০ লাখ টাকার একটি চেক ক্যাশ অফিসার শরীফুজ্জামান নিজের নামেই ইস্যু করে তুলে নিয়েছেন।’
অপর ভুক্তভোগী মনিকা বেগম বলেন, ‘আমার জীবনের সমস্ত সঞ্চয় এফডিআর হিসেবে এই ব্যাংকে জমা রেখেছিলাম। এখন এসে শুনছি, ব্যাংকের সিস্টেমে কোনো টাকাই জমা হয়নি। আমানতের টাকা এভাবে হাওয়া হয়ে গেলে আমরা কোথায় যাব?’
অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখা কর্তৃপক্ষ সূত্রে আরও জানা গেছে, অন্যান্য গ্রাহকের মধ্যে মনিকা বেগমের ৯ লাখ ৫০ হাজার, তুহিন আক্তারের ৮ লাখ, শিখা আক্তারের ১০ লাখ, নজরুল ইসলামের ১০ লাখ, স্মৃতি আক্তারের ৬ লাখ, পারভীর আক্তারের ৪ লাখ ১০ হাজার, ইসরাতুনের ২ লাখ ৩০ হাজার, যুথী আক্তারের ১ লাখ, রোজিনা বেগমের ২৭ লাখ, নজরুল ইসলামের ৫ লাখ এবং মো. নাছিরের ১৫ লাখ টাকা তাদের হিসাবে জমা হয়নি বা জমা করা অর্থ তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসব তথ্য নিশ্চিত করে শ্রীনগর শাখার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. শরীফ উদ্দিন বলেন, শরীফুজ্জামান গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে ব্যাংকে অনুপস্থিত থাকায় পরদিন বুধবার তার ঢাকার আদাবরের বাসায় লোক পাঠানো হয়েছিল। তার স্ত্রী জানিয়েছেন, নারীঘটিত একটি ঝামেলা থাকায় শরীফুজ্জামান বাসা থেকে স্ত্রীর ফোনসহ বেরিয়ে গেছেন।
তিনি আরও বলেন, ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ এ শাখায় গত সাত বছর ধরে কর্মরত থাকায় অনেকের সঙ্গে তার সখ্যতা তৈরি হয়। শরীফুজ্জামানের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাপোতা এলাকায়। তার বাবার নাম মো. আবুল কালাম।
অগ্রণী ব্যাংকের মুন্সিগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক মিজানুর রহমান চ্যানেল ২৪-কে বলেন, ‘আমরা বিষয়টি প্রধান কার্যালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। প্রধান কার্যালয় থেকে উচ্চপর্যায়ের একটি দল আসছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পরই জালিয়াতির সুনির্দিষ্ট পরিমাণ ও জড়িতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সম্ভব হবে। তবে আমরা গ্রাহকদের আশ্বস্ত করছি, নিয়ম মেনে যাচাই-বাছাই শেষে প্রত্যেক গ্রাহকের বৈধ আমানত ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে।’
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সতর্ক অবস্থান নিয়েছি। অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক লিখিত অভিযোগ বা ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বাংলা৭১নিউজ/জেএস























