র্যাগিং, শারীরিক হামলা ও স্বাক্ষর জালিয়াতির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৯ শিক্ষার্থীর ছাত্রত্ব এক বছরের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের আবাসিকতা বাতিল করে ভবিষ্যতে হলে থাকার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই অভিযোগে আরো ৭৯ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে সিন্ডিকেটে।
সিন্ডিকেট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন বিভাগের মোট ৯৮ শিক্ষার্থীকে নানা মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে র্যাগিংয়ের অভিযোগে ১৫ জন, লোকপ্রশাসন বিভাগের সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তিনজন এবং চারুকলা অনুষদের সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগে একজনসহ মোট ১৯ শিক্ষার্থীর ছাত্রত্ব এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে তাদের আবাসিকতা বাতিল করা হয়েছে।
ভবিষ্যতে আবাসিকতার জন্য তাদের বিবেচনা না করার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া র্যাগিংয়ের অভিযোগে বিভিন্ন বিভাগের ৭৯ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে র্যাগিংয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা পাওয়া গেলে অধিকতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের চিঠির মাধ্যমে শাস্তির বিষয়টি জানানো হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারি বোর্ডের সভা-২০২৬-এ উপস্থাপিত অভিযোগের তালিকা বিশ্লেষণ করে জানা গেছে, অভিযোগ উত্থাপিত হওয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ৩১ জন, ইতিহাস বিভাগের ১৮ জন, লোকপ্রশাসন বিভাগের ১৫ জন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১৩ জন, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সাতজন, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চারজন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চারজন, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের চারজন, অর্থনীতি বিভাগের দুজন এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের একজন রয়েছেন। সব মিলিয়ে এসব বিভাগের ৯৮ শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘র্যাগিংয়ের অভিযোগে ১৫ জন, চারুকলা অনুষদের সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগে একজন এবং লোকপ্রশাসন বিভাগের সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তিনজনসহ মোট ১৯ জনকে এক বছরের জন্য শাস্তি দেওয়া হয়েছে। তাদের আবাসিকতা বাতিল করা হবে এবং পরবর্তীতে হলে আবাসিকতার সুযোগ পাবেন না।
তিনি আরো বলেন, ‘র্যাগিংয়ের অভিযোগে ৭৯ জনকে কঠোর সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে। তাদের পরিবারকেও চিঠির মাধ্যমে বিষয়টি জানাবে কর্তৃপক্ষ।
বাংলা৭১নিউজ/আরএইচ


























