মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিশেষ শিশুই হোক আর স্বাভাবিক শিশুই হোক, কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না। বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে, যেখানে একদিনের নবজাতক থেকে শুরু করে সমাজের প্রবীণতম নাগরিকসহ সর্বস্তরের মানুষকে একই ছাতার নিচে নিয়ে আসা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার্স : ভয়েস ফর ভালনারেবল চিলড্রেন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুকে মানবিক গুণাবলিসম্পন্ন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করতে হবে। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার বিভিন্ন ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে। সেখানে শিশুদের আশ্রয় ও শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, যেকোনো জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ও কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা করা সরকারের দায়িত্ব।
তিনি আরো বলেন, সরকার কারও প্রতিপক্ষ নয়, বরং সরকার ও জনগণ একে অন্যের পরিপূরক ও সম্পূরক। এ সময় তিনি সমালোচনা পরিহার করে বিদ্যমান সামর্থ্য ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সবাইকে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আয়োজিত মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিশুরা সরাসরি মন্ত্রীর কাছে বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে।
বিশেষ করে অভিভাবকহীন শিশুরা জন্মনিবন্ধন সনদ সংগ্রহ এবং নাগরিকসেবা প্রাপ্তির ক্ষেত্রে যে সকল প্রশাসনিক জটিলতার সম্মুখীন হয়, তা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানালে মন্ত্রী বিষয়গুলো শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ























