গাজীপুর মহানগরীতে বাসায় ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ এলাকার আতাউর সরকারের বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত সানজিদা আক্তার (২৩) ওমান প্রবাসী জুয়েল রানার স্ত্রী ও বরিশালের কোতোয়ালি থানার উলারবাটনা গ্রামের শাহজাহানের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বছর ধরে আতাউর সরকারের বাসায় ভাড়া থাকতেন সানজিদা। রবিবার সকালে এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় সানজিদা আক্তার গুরুতর আহত হন এবং তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
মৃত সানজিদার ভাবি সাথী বেগম জানান, সকালে এক ব্যক্তি বাসায় এসে সানজিদার ছোট ভাই সাজ্জাদের বিষয়ে জানতে চান। সাজ্জাদকে না পেয়ে ওই ব্যক্তি সানজিদার ওপর ছুরি দিয়ে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সানজিদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
হত্যার কারণ ও এর পেছনে কারা জড়িত, তা বের করতে তদন্ত চলছে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























