আসন্ন আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে নিজেদের ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা জাতীয় দল। তবে শেষ মুহূর্তে এসে একটি ম্যাচের ভেন্যুতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বুরকিনা ফাসোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বুয়েনেস আইরেসের ‘এল মনুমেন্তাল’ স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও, তা স্থানান্তর করে বোকা জুনিয়রসের ঐতিহ্যবাহী ‘লা বোম্বোনেরা’ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর তথ্য অনুযায়ী, কোনো বড় ধরনের জটিলতা তৈরি না হলে আগামী ৩ অক্টোবর লা বোম্বোনেরার মাঠেই নামবে লিওনেল স্কালোনির দল। চলতি বছরের মার্চ মাসেই এই মাঠে মৌরিতানিয়াকে ২-১ গোলে এবং জাম্বিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৬ অক্টোবর পর্যন্ত চলমান এই ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে মোট তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে, যেখানে তাদের প্রতিপক্ষ বলিভিয়া। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে সম্ভাব্য লা বোম্বোনেরায়।
তবে এই আন্তর্জাতিক বিরতির সবচেয়ে বড় আকর্ষণ ও আবেগঘন মুহূর্তটি অপেক্ষা করছে শেষ ম্যাচে। আগামী ৬ অক্টোবর এল মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন মহাতারকা লিওনেল মেসি। প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক স্টেডিয়ামে ঘরের মাঠের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েই দেশের জার্সিকে চিরবিদায় জানাবেন তিনি।
দলের প্রাণভোমরা ও অধিনায়কের এই বিদায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে এএফএ প্রধান ক্লদিও তাপিয়া বলেন, ‘জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক এবং আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানাব। যাতে তিনি আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনায় এমন একটি বিদায় পেতে পারেন, যা তিনি সত্যিকার অর্থেই প্রাপ্য।’
এদিকে মাঠের লড়াইয়ের পাশাপাশি কিছু প্রশাসনিক ও শাস্তিমূলক চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হচ্ছে আলবিসেলেস্তেদের। সবশেষ বিশ্বকাপ চলাকালীন ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ফিফার শাস্তির মুখে রয়েছে আর্জেন্টিনা। যার ফলে আসন্ন দুটি ম্যাচে গ্যালারিতে দর্শক উপস্থিতিতে থাকবে কড়া নিষেধাজ্ঞা। এর মধ্যে প্রথম ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার কেবল ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাবেন এবং দ্বিতীয় ম্যাচের শাস্তি পরবর্তীতে কার্যকর করা হবে।
শুধু দর্শক সীমিত হওয়াই নয়, নিষেধাজ্ঞার পড়া বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই দল সাজাতে হচ্ছে কোচকে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে লিয়ান্দ্রো পারেদেস (১০ ম্যাচ), নাহুয়েল মোলিনা (৭ ম্যাচ), রবার্তো আয়ালা (৩ ম্যাচ) এবং থিয়াগো আলমাদা (১ ম্যাচ) এই মুহূর্তে নিষিদ্ধ রয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস




























