নরসিংদীর রায়পুরায় সাত বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত নুরুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অভিযুক্তের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত বৃদ্ধ নুরুল ইসলাম উপজেলার মুছাপুর ইউনিয়নের তালুককান্দি এলাকার বাসিন্দা। বর্তমানে পরিবারসহ আত্মগোপনে রয়েছে তিনি।
এর আগে ১৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের তালুককান্দি এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। একই এলাকার শিক্ষক শান্তা আক্তারের কাছে সন্ধ্যার পর প্রাইভেট পড়ত সে। প্রতিদিন প্রাইভেট শেষে শিশুটিকে বাড়ি নিয়ে আসতেন তার মা। তবে মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে তিনি মেয়েকে আনতে যেতে পারেননি।
অভিযোগ উঠেছে, ওই দিন সন্ধ্যায় প্রাইভেট শেষে শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শিক্ষক শান্তার বাবা নুরুল ইসলাম তার সঙ্গে বের হন। পথে একটি নির্জন স্থানে নিয়ে শিশুটির ওপর জোরপূর্বক যৌন নির্যাতন চালান নুরুল ইসলাম। পরে শিশুটির আচরণে পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। বিষয়টি জানতে চাইলে শিশুটি তাদের কাছে ঘটনার বর্ণনা দেয়।
পরিবারের সদস্যরা জানায়, শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, প্রাইভেট শিক্ষকের বাবা তার মেয়েকে যৌন নির্যাতন করেছেন। শিশুটির স্পর্শকাতর স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে ঘটনার পর অভিযুক্ত নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। শিশুটির ওপর নির্যাতনের ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী নুরুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালায়।
রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছেন। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























