ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে দ্রুতগামী ট্রাকচাপায় হাফেজ মাওলানা মুফতি আল জাহিদ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘাতক ট্রাকসহ এর চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুফতি আল জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়কামতা গ্রামের মো. শাহ-আলম মিয়ার একমাত্র সন্তান।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকার একটি মাদরাসার ইসলামিক জলসায় অতিথি হিসেবে অংশ নেন মুফতি জাহিদ। প্রগ্রাম শেষ হতে গভীর রাত হয়ে যাওয়ায় তিনি রাতে ওই মাদরাসাতেই অবস্থান করেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ মোটরসাইকেলযোগে কুমিল্লার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। মোটরসাইকেলটি মহাসড়কের পিরোজপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়েন। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় নিশ্চিত করেন তার শ্বশুর।
আবেগাপ্লুত কণ্ঠে নিহতের শ্বশুর বলেন, ‘আমার মেয়ের জামাই গতকাল প্রগ্রামে এসেছিল। সকালে মাদরাসা কর্তৃপক্ষ কল দিয়ে জানাল, এই মর্মান্তিক খবর। আমার ৪ বছরের একটি নাতনি আছে, আর মেয়েটি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। এই অবুঝ শিশু আর অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব? আমি এই দুর্ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে ঘাতক ট্রাকসহ এর চালককে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















