মেহেরপুরের গাংনীতে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের দেড় ঘণ্টা আগে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারসহ বিভিন্ন আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাধাগ্রস্ত করতেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল বিশ্বাস জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করেছে।
বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। এতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ককটেল বিস্ফোরণের পর নির্ধারিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
ঘটনার পর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বাংলা৭১নিউজ/আরএইচ

























