রাজধানীর প্রবেশদ্বার সাভারের আমিনবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন।
পরিবারের অভিযোগ, মাদকাসক্ত একটি চক্র কারখানায় ঢুকে বাবা-ছেলেকে মারধরের পাশাপাশি ভাঙচুর চালায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে জহিরুল ইসলাম (৩২) নামে এক প্রাইভেটকারচালককে গ্রেপ্তার করেছে।
নিহত মো. আলতাব হোসেন (৬০) এসবির ঢাকার মালিবাগ কার্যালয়ে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। পরিবার নিয়ে তিনি সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। একই এলাকায় পাঁচ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানা করে মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।
এ ঘটনায় তার ছোট ছেলে মো. আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার জহিরুল ইসলাম আমিনবাজারের বড়দেশী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার রাত ৮টার দিকে আলতাব হোসেন কারখানার পাশের একটি অটোরিকশা গ্যারেজের সামনে কয়েকজন যুবককে গ্যারেজ মালিক আবুল কালামকে মারধর করতে দেখেন। অটোরিকশা ও প্রাইভেটকারের সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে তাকে মারধর করা হচ্ছিল। বিষয়টি দেখে আলতাব হোসেন এগিয়ে গিয়ে মারধরের কারণ জানতে চান।
এ সময় হামলাকারীরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশের সদস্য বলে জানান। তবে পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয়। একপর্যায়ে কানে আঘাত পেয়ে তিনি দৌড়ে নিজের কারখানায় চলে যান।
বিষয়টি জানতে পেরে তার ছোট ছেলে আরিফুল ইসলাম বাবার সঙ্গে কারখানার বাইরে বের হন। এ সময় একটি প্রাইভেটকার কারখানার সামনে এসে থামে। পরিবারের দাবি, গাড়িতে থাকা লোকজনসহ আরো ২০ থেকে ২৫ জন সেখানে জড়ো হয়।
পরিস্থিতি দেখে আলতাব ও আরিফুল কারখানার ভেতরে ঢুকে দরজা বন্ধ করার চেষ্টা করেন। পরিবারের অভিযোগ, হামলাকারীরা ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। এ সময় আলাউদ্দিন নামের এক ব্যক্তি প্রথমে আরিফুলকে মাটিতে ফেলে বুকে লাথি মারেন। পরে পেছন থেকে ভারী কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হলে তিনি অচেতন হয়ে পড়েন। একই সময়ে দেশীয় অস্ত্র দিয়ে আলতাব হোসেনকে মারধর করা হয়। হামলাকারীরা কারখানায় ঢুকে মেশিনপত্র ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে বলেও অভিযোগ করেছে পরিবার।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে রাত সাড়ে ৯টার দিকে বাবা ও ছেলেকে উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করেন, তাদের কারখানার পাশে বালু ফেলে একটি মাঠের মতো জায়গা তৈরি হয়েছে। সেখানে ওই ব্যক্তিরা নিয়মিত মাদক সেবন করতেন। তার বাবার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে দাবি করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, গাড়ি পার্কিংকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। বিষয়টি মীমাংসা করতে গিয়ে এসবির সদস্য আলতাব হোসেন ও তার ছেলে হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় আলতাব হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























