সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে প্রথম দিনেই প্রায় ১৮ হাজার আমানতকারী আবেদন করেছেন। এসব আবেদনের মাধ্যমে গ্রাহকেরা মোট ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন। এর মধ্যে এককালীন পুরো আমানত তুলে নিতে আবেদন করেছেন ২ হাজার ৩৬৭ জন। তারা মোট ২৪৪ কোটি টাকা ফেরত চেয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখায় ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন করতে একীভূত পাঁচ ব্যাংকের সাবেক শাখা ও উপশাখাগুলোতে গ্রাহকদের ভিড় দেখা গেছে। ব্যাংক কর্মকর্তারাও গ্রাহকদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী আমানত ফেরতের আবেদন নেওয়া হচ্ছে। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী তাঁদের পাওনা অর্থ পরিশোধ করা হবে।
সম্মিলিত ইসলামী ব্যাংক পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে। ব্যাংক পাঁচটি হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
টাকা পরিশোধ শুরু ৭ সেপ্টেম্বর
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় টাকা উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা এককালীন উত্তোলন বা নগদায়নের সুযোগ দেওয়া হবে।
ব্যাংকটির আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর ও ডিপিএসসহ বিভিন্ন ধরনের আমানত থেকে গ্রাহকেরা মূল টাকা তুলতে পারবেন। তবে এককালীন মূল টাকা উত্তোলনের ক্ষেত্রে কোনো মুনাফা দেওয়া হবে না। অর্থাৎ গ্রাহক যে পরিমাণ মূল টাকা জমা রেখেছেন, শুধু সেই অর্থই ফেরত পাবেন।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ দেওয়া হবে।
গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট থেকে আমানতকারীদের অর্থ উত্তোলন সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। ওই নির্দেশনার আওতায় সাধারণ ব্যক্তি আমানতকারীদের চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে, গ্রাহকদের আস্থা ফেরাতে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এদিন শাখা ও উপশাখাগুলো সুন্দরভাবে সাজানো, কর্মকর্তাদের মার্জিত ও নির্ধারিত পোশাকে উপস্থিত থাকা এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা জানানোর নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা দিতে বলা হয়েছে। শাখাগুলোতে পরিচ্ছন্ন ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার পাশাপাশি গ্রাহকসেবার মান ও সন্তুষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে আর্থিক সংকটে পড়া ৫ ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।
পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট আমানত প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। পাঁচ ব্যাংকের মোট ঋণের প্রায় ৮৬ শতাংশই খেলাপি।
২০২৫ সালের নভেম্বরে সরকারি মালিকানায় যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়ার কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/একেএম




























