রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের কবলে পড়ে নিহত হন স্কুলশিক্ষিকা রনজিনা পারভিন (৫৫)। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন মূল আসামি মো. মোশারফ হোসেন পনি ওরফে প্যারা পনি এবং তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (৩০ আগস্ট) বিকালে সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। প্যারা পনির বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১৩টি মামলা রয়েছে।
র্যাব জানায়, রবিবার নিজস্ব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র্যাব জানতে পারে যে, স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন হত্যা মামলার সন্দিগ্ধ ছিনতাইকারীরা রাজধানীর তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে র্যাব-২-এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে প্যারা পনি ও তার সহযোগী সেড্রিককে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করে।
হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তাদের আটক করা হয়।
ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক রাকিবকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন মোটরসাইকেলটি পনির হেফাজতে ছিল। নিহতের স্বামী আব্দুল মতিনও ঘটনাস্থলে এই মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছে বলে নিশ্চিত করেছেন।
র্যাব আরো জানায়, হত্যাকাণ্ডের মূল সন্দিগ্ধ পনি একজন পেশাদার ছিনতাইকারী এবং একাধিক অপরাধে অভিযুক্ত ব্যক্তি।
দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর তেজগাঁও, শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ডিএমপির হাতিরঝিল, আদাবর ও কাফরুল থানায় মাদকের তিনটি মামলা; ভাটারা, মোহাম্মদপুর, কাফরুল, বাড্ডা ও শাহজাহানপুর থানায় চুরি, সিঁধেল চুরি ও ভয়ভীতি প্রদর্শনের ছয়টি মামলা এবং আদাবর, খিলগাঁও ও কামরাঙ্গীরচর থানায় চুরি ও সিঁধেল চুরির তিনটি মামলা রয়েছে। এছাড়া ঢাকার বাইরে চাঁদপুর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, শিক্ষিকা রনজিনা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন।
গতকাল শনিবার ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনাতাইয়ের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তার ব্যগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে রাস্তায় পড়ে যান। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ






















