সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি মো. বেলাল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৩০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪।
এর আগে শনিবার (২৯ আগস্ট) সকালে র্যাব-৪ ও র্যাব-১১-এর যৌথ দল কুমিল্লার বুড়িচং থানার গোল্ডেন টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, নিহত তরুণীর বয়স ১৯ বছর। তিনি আশুলিয়ার একটি চুল কারখানায় কাজ করতেন। প্রায় এক বছর আগে বেলাল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।
বিয়ের পর তারা আশুলিয়ায় কারখানার পাশের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ কারণে তার মা ও বড় ভাইও কিছুদিন ধরে তাদের সঙ্গে অবস্থান করছিলেন।
মামলার এজাহার ও গ্রেপ্তার বেলালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সকালে নিহত তরুণীর ভাই ঘুমিয়ে ছিলেন।
ওই সময় বেলাল চুপ করে ঘরে ঢুকে তার শাশুড়ি ও শ্যালকের স্মার্টফোন নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। দরজা বন্ধ করার শব্দে নিহতের ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি বেলালকে চিনতে পেরে নাম ধরে ডাকাডাকি করলে কৌশলে পালিয়ে যান তিনি। পরে নিহতের মা ও ভাই তরুণীর কক্ষের সামনে গিয়ে দরজায় বাইরে থেকে ছিটকিনি দেওয়া দেখতে পান। দরজা খুলে ভেতরে প্রবেশ করে মেঝেতে ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন।
এ সময় তার গলায় আঘাতের চিহ্ন এবং দুই হাতের কব্জির রগ কাটা অবস্থায় পাওয়া যায়।
র্যাব-৪ আরো জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে অন্তঃসত্বা স্ত্রীকে গলায় আঘাত এবং দুই হাতের কব্জির রগ কেটে হত্যা করেছেন বেলাল মিয়া। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টির পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি আলোচিত হয়।
র্যাব জানায়, হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে ঘটনার পর থেকেই ছায়া তদন্ত চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বেলাল মিয়ার অবস্থান শনাক্ত করে কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলাল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বাংলা৭১নিউজ/আরএইচ






















