রাজধানীর যানজট কমাতে ও গণপরিবহনে যাত্রীসেবা বাড়াতে সায়েদাবাদ বাস টার্মিনালে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সড়ক ও বিভিন্ন স্থানে থাকা এসি বাসের কাউন্টারগুলো টার্মিনালে এনে ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ নিয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসি বাসের কাউন্টারগুলোর কারণে যানজটসহ নানা ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে। এসব সমস্যা সমাধানে সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন ও নতুন নকশা প্রণয়ন করা হয়েছে। ডিএমপি ও বাস মালিক সমিতির সঙ্গে পর্যালোচনা করে নকশাটি প্রস্তুত করা হয়েছে।
নতুন পরিকল্পনায় সায়েদাবাদ টার্মিনালে এসি বাসের জন্য অতিরিক্ত জায়গা নির্ধারণ, সার্ভিসিং ব্যবস্থা, যাত্রী ওঠানামা ও কাউন্টার ব্যবস্থাপনাকে আধুনিকায়নের বিষয়টি রাখা হয়েছে। সভায় ডিএসসিসি প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে এসব কাজ বাস্তবায়নের নির্দেশ দেন।
সভায় ডিএসসিসির প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, প্রচলিত টেন্ডার প্রক্রিয়ায় কাজ বাস্তবায়ন করতে সময় লাগতে পারে। দ্রুত কাজ শেষ করতে বাস মালিক সমিতি স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য একটি প্রস্তাবনা তৈরি করে দাখিল করবে।
পরিকল্পনার আওতায় টার্মিনালের ভেতরে পুরোনো মোটর গ্যারেজের স্থানে নির্মাণাধীন ভবন সম্প্রসারণ করে সেখানে এসি বাসের কাউন্টার স্থাপনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি এসি বাস কাউন্টারের প্রবেশপথ প্রশস্ত করা, পার্কিং শেড ও যাত্রীদের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে একই ধরনের নতুন একটি কাউন্টার শেড নির্মাণ করা হবে। বর্ষাকালে যেসব কাউন্টার শেডে বৃষ্টির পানি ঢোকে, সেগুলোতে পানি প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যাত্রীসেবা বাড়াতে টার্মিনালের অভ্যন্তরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীদের বিশ্রামের জন্য পর্যাপ্ত বেঞ্চ স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ডিএসসিসি কর্তৃপক্ষের আশা, পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়িত হলে সায়েদাবাদ বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে। একই সঙ্গে সড়কের বিভিন্ন স্থানে থাকা বাস কাউন্টারজনিত যানজট কমার পাশাপাশি টার্মিনালে যাত্রীদের ভোগান্তিও কমবে।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস


























