বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক অংশীদারত্ব জোরদার এবং স্থানীয় সরকার ও উন্নয়ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (২৪ আগস্ট) সকালে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পানি ব্যবস্থাপনা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজ খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগানোর বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ।
বৈঠকে মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ‘আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। দেশের সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও শক্তিশালী করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পরিবেশ সুরক্ষা ও আধুনিক নগর ব্যবস্থাপনায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি আরো উল্লেখ করেন, পানি ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় প্রকল্পগুলোকে আরো গতিশীল ও টেকসই করবে।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন এবং এ খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী নিজেও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, যেখানে আন্তর্জাতিক সহযোগিতা ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থানীয় সরকার ও অবকাঠামোগত উন্নয়ন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ





























