মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত রাডার সাইটে আটজন আরোহী নিয়ে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।
অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৪৫০ মাইল (৭২৫ কিলোমিটার) পশ্চিমে কেপ নিউনহ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
আলাসকান কমান্ড, আলাসকান নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড রিজিয়ন এবং একাদশ বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এক বিবৃতিতে বলেন, ‘এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যে সম্প্রদায়গুলোর সেবা করি, তাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’
রাডার সাইটটি প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টারের অধীনে পরিচালিত হয়। আলাসকান কমান্ড জানিয়েছে, এটি প্রত্যন্ত রাডার সাইটগুলোর একটি নেটওয়ার্কের অংশ।
এসব রাডার আলাস্কার আকাশসীমা ও সীমান্তসংলগ্ন এলাকায় চলাচলকারী বিমান শনাক্ত ও পর্যবেক্ষণ করে। তবে নিহত ব্যক্তিরা ঠিক কী কাজ করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে একটি বেসামরিক চুক্তিভিত্তিক বিমান হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডেভিস বিমানে থাকা ব্যক্তিদের একনিষ্ঠ পেশাদার হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, তারা প্রতিকূল পরিবেশে একটি গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করছিলেন। তিনি আরো বলেন, এই কঠিন সময়ে নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। দ্রুত ও নিরলসভাবে উদ্ধারকাজ পরিচালনার জন্য অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যদের প্রতিও তিনি গভীর কৃতজ্ঞতা জানান।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাসকা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, বিমানটিতে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। জনসন বলেন, বিমানটি অ্যাঙ্কোরেজ থেকে উড্ডয়ন করেছিল।
ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দুপুরে কেপ নিউনহ্যামে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ
























