পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর শিমুলতলা এলাকা থেকে প্রাইভেটকারে করে বাড়ি ফেরার পথে শরীফের গাড়ির গতিরোধ করে কয়েকজন ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে দুর্বৃত্তরা শরীফকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে তার মাথার নিচের অংশ ও গলায় গুলি লাগে বলে জানা গেছে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
গুরুতর আহত অবস্থাতেও শরীফ নিজেই গাড়ি চালিয়ে জয়নগর স্বপ্নদ্বীপ রিসোর্টের ২ নম্বর গেটের সামনে পর্যন্ত যান। সেখানে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়। তবে হামলায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হামলার পর জয়নগর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার কারণ এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















