জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) নামে লক্ষ্মীপুরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য জানায়। র্যাব সূত্রে জানা যায়, নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে র্যাবের সদস্যরা পোদ্দার বাজার এলাকায় অবস্থান করছিলেন। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে নিশান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে অস্ত্র পাওয়া যায়।
জানা যায়, থানা থেকে লুট হওয়া পিস্তল কোমরে নিয়ে ঘুরছিলেন। পুলিশের ‘সন্ত্রাসীর’ তালিকায় নাম থাকলেও গ্রেপ্তার হননি এত দিন। একাধিক হত্যা মামলার এই আসামিকে গ্রেপ্তারের জন্য আগে থেকেই ওত পেতে ছিলেন র্যাবের সদস্যরা। অবশেষে কোমরে গুঁজে রাখা পিস্তল, গুলি, ছুরিসহ গ্রেপ্তার হন মো. নিশান।
গ্রেপ্তার নিশানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। তিনি একাধিক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া ১টি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ১টি আধুনিক ছুরি ও মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, অভিযুক্ত নিশানকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছিল র্যাব। পরে নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে। চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব বলেন, গ্রেপ্তার নিশান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে গ্রেপ্তারের জন্য আগেও কয়েকবার অভিযান চালিয়েছে পুলিশ।
এসময় আজ তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/আরএইচ






















