চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাত জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে সহায়তাকারী দুই দালাল রয়েছে।
বুধবার (১৯) সকাল ৬টার দিকে স্থানীয় জনতা তাদের ধরে পুলিশে সোপর্দ করে।
আটক ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক। আটক বাংলাদেশিরা হলেন- বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা এবং চাঁদপুরের নয়ন। অপর আটক ব্যক্তি ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতার পার হয়ে ওই পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্ত অতিক্রম করে জীবননগর শহরের দিকে আসার সময় তাদের গতিবিধি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা তাদের ঘিরে ফেলে এবং পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচ অনুপ্রবেশকারী এবং তাদের পারাপারে সহায়তাকারী স্থানীয় দুই দালালসহ মোট সাত জনকে হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, এক ভারতীয় নাগরিকসহ পাঁচ জন অনুপ্রবেশকারী ও দুই দালালকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















