বলিউড বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ দুই সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে বাংলোর ভেতরে সাপ দেখা গেলে খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী দল ও বন দপ্তরকে।
জানা গেছে, রাত ৮টার দিকে ‘মান্নাত’ থেকে সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে ফোন করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি। পরে তার সঙ্গে যোগ দেন বন দপ্তরের কর্মীরাও।
বাংলোর উঠানের সিঁড়ির নিচে প্রথম সাপটির সন্ধান পাওয়া যায়। প্রায় আট ফুট লম্বা সাপটিকে কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করা সম্ভব হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে, সাপটি বিষধর ছিল না।
তবে দ্বিতীয় সাপটি নিয়ে তৈরি হয় বিপত্তি। সেটিকে উদ্ধারের আগেই সাপটি সেখান থেকে পালিয়ে যায়। এতে ‘মান্নাত’-এর কর্মী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বন দপ্তরের পক্ষ থেকে সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাপ দুটি কীভাবে শাহরুখ খানের বাংলোর ভেতরে ঢুকল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সময় শাহরুখ খান কিংবা তার পরিবারের কোনো সদস্য ‘মান্নাত’-এ উপস্থিত ছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রের পাশে অবস্থিত ‘মান্নাত’ শুধু শাহরুখ খানের বাসভবনই নয়, ভক্তদের কাছেও এটি অন্যতম আকর্ষণীয় স্থান। প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় প্রায়ই বাংলোর বাইরে ভিড় করেন অসংখ্য অনুরাগী।
এর আগে বলিউড তারকা সালমান খানের বাড়িতেও সাপ উদ্ধারের ঘটনা ঘটেছিল। চলতি বছরের শুরুতে মুম্বাইয়ের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ থেকে একটি সাপ উদ্ধারের খবর সামনে আসে। সেই ঘটনার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শাহরুখের ‘মান্নাত’-এ দুই সাপের উপস্থিতির ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দ্বিতীয় সাপটি উদ্ধার করা সম্ভব না হওয়ায় বাংলোটিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/জেএস





























