কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন।
বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আজাদ চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই রাতে মোহাম্মদ আজাদের স্ত্রী তিন সন্তানের জননী তানিয়া বেগমকে হাতে-পায়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত নামেন। ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২৫ সালের ১৫ নভেম্বর আসামি আজাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদলত সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং তাদের জেরা করা হয়। পাশাপাশি বিভিন্ন নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত আসামি আজাদকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।
বাংলা৭১নিউজ/আরএইচ






















