ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে। সোমবার প্রকাশিত সর্বশেষ সরকারি হিসাবে এ তথ্য জানানো হয়েছে।
ভূমিকম্পের প্রায় দুই মাস পরও ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন স্বজন ও উদ্ধারকর্মীরা।সংসদের স্পিকার হোর্হে রদ্রিগেজ সর্বশেষ মৃতের সংখ্যা ঘোষণা করেন। গত সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ৬ হাজার ৩০১ জন। গত ২৪ জুন ভেনেজুয়েলার উপকূলের কাছে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
এতে অন্তত ১৯০টি ভবন ধসে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৬০ হাজার বাড়ি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৪ হাজার বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ এখনো অস্থায়ী শিবিরে অবস্থান করছেন।
এসব শিবিরে জীবনযাত্রার পরিস্থিতি অত্যন্ত কঠিন।
এদিকে সপ্তাহান্তে রাজধানী কারাকাসে ভারী বৃষ্টিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কয়েকটি তাবু নষ্ট হয়ে যায়। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সরকার ক্ষতিগ্রস্তদের জন্য নতুন বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বছরের শেষ নাগাদ ৪ হাজার বাড়ি দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৩৩৫টি বাড়ি প্রস্তুত করে দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















