স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের জন্য এ যেন দারুণ এক সুযোগ। নতুন পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মোট ২৫ লাখ টাকা প্রোডাকশন ফান্ড দিতে যাচ্ছে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা)।
নির্মাতাদের এই সংগঠনের সঙ্গে অ্যাসেন কমিউনিকেশন যৌথভাবে আয়োজন করছে ‘অ্যাডফা শর্ট ফেস্ট-সিজন-১।
দিস ইজ ইউর শট—এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগে নির্বাচিত হবে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রজেক্ট। প্রতিটি নির্বাচিত প্রকল্পের নির্মাণে নির্ধারিত প্রোডাকশন ফান্ড দেওয়া হবে। পাশাপাশি নির্বাচিত নির্মাতারা অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এ প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা ও অ্যাডফার ম্যানেজিং কমিটির সদস্য শঙ্খ দাশগুপ্ত বলেন, এই ফেস্টের লক্ষ্য আমাদের কমিউনিটির নির্মাতাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি করা। আমাদের গল্প ও প্রতিভার অভাব নেই, প্রয়োজন সুযোগ ও সহযোগিতা। অ্যাসেনের সঙ্গে এই উদ্যোগে আমরা নতুন কণ্ঠ ও নতুন গল্প খুঁজে বের করে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে পর্দায় নিয়ে আসতে চাই।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাডফা কমিউনিটির যোগ্য নির্মাতারা এককভাবে অথবা দলগতভাবে একটি করে প্রজেক্ট জমা দিতে পারবেন।
তবে প্রস্তাবিত চলচ্চিত্র অবশ্যই ফিকশন হতে হবে। চলচ্চিত্রের দৈর্ঘ্য ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে হতে হবে।
গল্প জমা দেওয়ার ক্ষেত্রে ভাষারও কোনো বাধ্যবাধকতা নেই। বাংলা, ইংরেজি কিংবা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায় প্রকল্প জমা দেওয়া যাবে। একইভাবে গল্পের ঘরানার ক্ষেত্রেও থাকছে না কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা।
আবেদনের জন্য একটি পিডিএফ ফাইলে জমা দিতে হবে চলচ্চিত্রের শিরোনাম, সর্বোচ্চ ৫০ শব্দের লগলাইন, ১ হাজার শব্দের মধ্যে পূর্ণাঙ্গ গল্প বা সিনপসিস, সর্বোচ্চ ৩০০ শব্দের ডিরেক্টরস নোট, জনর ও সম্ভাব্য দৈর্ঘ্য এবং আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য।
এর পাশাপাশি চাইলে ভিজ্যুয়াল রেফারেন্স কিংবা নির্মাতার পূর্ববর্তী কাজের লিংকও যুক্ত করা যাবে। প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে গল্পের মৌলিকতা, নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গি, গল্প বলার শক্তি, সিনেমাটিক সম্ভাবনা এবং নির্ধারিত বাজেট ও সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।
নির্বাচিত পাঁচ নির্মাতা শুধু প্রোডাকশন ফান্ডই পাবেন না, অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়াতেও অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফলে নতুন নির্মাতাদের জন্য এটি হতে পারে নিজেদের গল্প ও নির্মাণশৈলী বড় পর্দায় তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।
এই উদ্যোগে আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর ২০২৬।
বাংলা৭১নিউজ/আরএইচ




























