নীলফামারীর ডিমলায় তিস্তার প্রধান সেচ ক্যানেলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজারসংলগ্ন সেচ ক্যানেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো নাউতারা ইউনিয়নের কাঁকড়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের মেয়ে ফারজানা আক্তার পাখি (১১) এবং একই গ্রামের সেলিম হোসেনের মেয়ে সিনহা আক্তার (৪)। তারা সম্পর্কে খালা ও ভাগ্নি।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে ওই দুই শিশুসহ কয়েকজন শিশু সেচ ক্যানেলে গোসল করতে নামে। এক পর্যায়ে গোসলের সময় ভাগ্নি সিনহা আক্তার গভীর পানিতে চলে যায়।
তাকে বাঁচাতে এগিয়ে যান খালা ফারজানা আক্তার। কিন্তু সাঁতার না জানায় তিনিও পানিতে ডুবে যান। পাশে থাকা অন্য শিশুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েক বছর আগেও একই স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। জায়গাটি ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।
ডিমলা থানার ওসি শওকত আলী সরকার বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















