দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। বর্তমানে যুক্তরাষ্ট্রের তার চিকিৎসা চলছে। ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে গান শুনিয়েছেন ভক্তদের।
২০২৫ সালের শুরুর দিকে পরীক্ষা-নিরীক্ষার পর তার কিডনিতে ক্যানসার ধরা পড়ে। ওই বছরের মার্চ মাস থেকে শুরু হয় তার কেমোথেরাপি। পরবর্তীতে তাঁর শরীরে দুইবার অস্ত্রোপচার করা হয়। দ্বিতীয় অস্ত্রোপচারের পর কথা বলতে পারতেন না তিনি। গান গাওয়া তো দূরের কথা, স্বাভাবিক কথা বলা কঠিন হয়ে পড়েছিল। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় হারমোনিয়ামের সুরের সঙ্গে গলা মিলিয়ে তার জনপ্রিয় গান— ‘আমি সবকিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারব না’ পরিবেশন করছেন।
ভিডিওতে ইবরার টিপুকে বলতে শোনা যায়, ‘প্রায় দুই বছর পর গান গাইতে পারলাম। দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর আমার কণ্ঠ প্রায় চলে গিয়েছিল, কথা বলতে পারতাম না। এখন অনেকটা ভালো আছি। আমার স্ত্রী বিন্দু কণার অনুরোধে আবার গাইলাম। আশা করছি আবার গাইতে পারব।’
গত বছরের জুলাই মাসে সামাজিক মাধ্যমে টিপুর একটি ছবি ছড়িয়ে পড়লে তার শারীরিক অবস্থা নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি হয়। এরপর টিপুর স্ত্রী বিন্দু কণা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তার ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলেন।
নিজের বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে ইবরার টিপু বলেন, ‘আগের চেয়ে অনেক ভালো আছি। সর্বশেষ ব্রেনে একটা সার্জারি হলো। রিপোর্ট ভালো এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
ভিডিওতে টিপু জানান, দ্রুত দেশে ফিরে নিজের পরিবার, প্রিয় বন্ধু-বান্ধব, সহকর্মী মিউজিশিয়ান ও অন্যান্য শিল্পীদের সঙ্গে দেখা করতে চান তিনি। দীর্ঘ সময় ধরে দেশে ফেরার অপেক্ষা করছেন। গায়ক বলেন, পুরোপুরি সুস্থ হলেই দেশে আসব আমি। সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য।’
বাংলা৭১নিউজ/জেএস

























