রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-ডব্লিউই-৫-এর পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এতে ভোগান্তিতে পড়ে ইন্টারনেট ব্যবহারকারীরা।
বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সি-মি-ডব্লিউই-৫-এর পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগই বন্ধ ছিল। পরে ক্যাবলটির সংযোগ স্বাভাবিক হয়।
বিএসসিপিএলসি জানিয়েছে, কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-ডব্লিউই-৫ প্রায় আড়াই ঘণ্টা ডাউন ছিল।
সকাল সাড়ে ১১টার দিকে কেবলটির সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুপুর ২টার দিকে এটি আবার সচল হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহারে ধীরগতি দেখা দেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর মাতারায় এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট সরঞ্জামে ত্রুটি দেখা দিতে পারে।
তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিএসসিপিএলসি সূত্র জানায়, কেবলটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হলেও কোথাও কোথাও ইন্টারনেটের গতি কমে যায়। কেবলটি সচল হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
বিএসসিপিএলসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কারিগরি ত্রুটির কারণে কেবলটি কিছু সময়ের জন্য ডাউন ছিল। এখন এটি স্বাভাবিক রয়েছে।
তবে সামগ্রিকভাবে ইন্টারনেট সেবায় খুব বেশি প্রভাব পড়েনি।
বাংলা৭১নিউজ/আরএইচ



























