হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তবে অভিযান টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে গেছেন চালক মো. শামীম মিয়া।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় সন্দেহভাজন ওই গাড়িটিকে তল্লাশির জন্য থামানো হয়েছিল। এ সময় চালক গাড়িটি রেখে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান।
তল্লাশিকালে গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। এছাড়াও গাড়িটি বিস্তারিতভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ অর্থ, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫.৩৫ ভরি। কাস্টমস হাউস ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে এগুলো ২৪ ক্যারেটের খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
উদ্ধারকৃত পণ্য ও অন্যান্য সামগ্রীর ইনভেন্ট্রি কাস্টমস হলে সম্পন্ন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের আইনি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















