ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ২-১ গোলে নাটকীয় জয় পেয়েছে পর্তুগাল। এই ম্যাচেই গোল করে নকআউটে গোল খরা কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করার আগে রোনালদোর একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পেনাল্টি নেওয়ার ঠিক আগে নিজের সঙ্গে কথা বলতে দেখা যায় পর্তুগাল অধিনায়ককে। অনেকের দাবি, সে সময় তিনি ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন।
শুক্রবার (৩ জুলাই) টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পরে অফসাইডের কারণে তাদের আরেকটি গোল বাতিল হয়। এরপর পেনাল্টি পায় পর্তুগাল।
স্পটকিকে দাঁড়িয়ে ৪১ বছর বয়সী রোনালদো কোনো ভুল করেননি। গোলরক্ষককে পরাস্ত করে মাঝ বরাবর শট পাঠিয়ে ম্যাচে ১-১ সমতা ফেরান তিনি।
তবে গোলের চেয়েও বেশি আলোচনায় আসে পেনাল্টি নেওয়ার আগের কয়েক সেকেন্ড। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই দাবি করেন, রোনালদো শট নেওয়ার আগে ‘বিসমিল্লাহ’ বলেছেন, যার অর্থ ‘আল্লাহর নামে’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো সফলভাবে পেনাল্টি নেওয়ার আগে “বিসমিল্লাহ” বলতে দেখা গেছে।’
আরেকজনের মন্তব্য, ‘পেনাল্টি নেওয়ার আগে রোনালদো বলেছিলেন, “বিসমিল্লাহ… বিসমিল্লাহ।”’ অন্য একজনও একই দাবি করে লেখেন, ‘ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি নেওয়ার আগে রোনালদো “বিসমিল্লাহ” উচ্চারণ করেছিলেন।’
তবে রোনালদো নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ভিডিওতে তিনি ঠিক কী বলেছেন, সেটিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
বাংলা৭১নিউজ/জেএস