শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নতুন আতঙ্ক: চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে এক ভয়ংকর কৌশলে ছিনতাইয়ের ঘটনা সামনে এসেছে, যা দেখে হতবাক সাধারণ মানুষ। চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুঁড়ে ফেলে দিয়ে তার বাইক ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি গলিতে এক যুবক তার ইয়ামাহা এফজেড ভার্সন ৩ মডেলের মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুই দুর্বৃত্তের একজন হঠাৎ করে তার মাথা লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে।

ইটের আঘাতে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান ওই যুবক। এরপরই অপর এক দুর্বৃত্ত দ্রুত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই আরেকজন দুর্বৃত্ত ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহত ব্যক্তিকে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর ভান করে। এতে উপস্থিত অনেকেই ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তৎপরতা বাড়িয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাজ্জাদ বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিক তদন্তে এটি পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com