বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন

৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামি সতর্কতা

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পের পর বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা ৮ দশমিক ২ বললেও পরে সংশোধন করে ৭ দশমিক ৮ নির্ধারণ করে।

ফিলিপাইন এবং প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিজ্ঞান সংস্থাগুলো সুনামির সতর্কতা জারি করেছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে। তাৎক্ষণিক ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থাও এই ভূমিকম্পের পর সুনামির ঝুঁকির সতর্কতা জারি করেছে। এসব দেশের উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ফিভলকস’ ভূমিকম্পটির মাত্রা ৭ বলে উল্লেখ করেছে। সংস্থাটি এক মিটারের বেশি উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে। তাদের মতে, কয়েক ঘণ্টা পর্যন্ত উপকূলীয় এলাকায় সুনামির প্রভাব থাকতে পারে।

এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে জানিয়েছে। সংস্থাটিও সুনামি সতর্কতা জারি করেছে।

ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের আলাবেল শহরের পুলিশপ্রধান বেঞ্জি আনচেতা জানান, সকালের পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় ভূমিকম্পটি অনুভূত হয়। প্রবল কম্পনে পুলিশ ভবনের কিছু অংশে ফাটল দেখা দেয়। রয়টার্সকে তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতায় এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’

বেঞ্জি আনচেতা জানান, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তীব্র কম্পনের কারণে কয়েকজন মানুষ জ্ঞান হারিয়ে ফেলেন।

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানাদোর বাসিন্দারাও শক্তিশালী কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com