কিংবদন্তি ব্যাটার ও বিশ্বখ্যাত ফিনিশার বিরাট কোহলির ম্যাজিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুর (আরসিবি)। রোববার (৩১ মে) রাতে ফাইনাল ম্যাচে গুজরাট টাইটানসকে তারা হারিয়েছে ৫ উইকেটে।
প্রতিপক্ষের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরসিবি। দলটির এই টানা শিরোপা বিজয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ‘দ্য গ্রেট’ বিরাট কোহলি। ৪২ বলে ৭৫ রান করে অপরাজিত থেকে দলকে শিরোপা পাইয়ে দেন তিনিই।
এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে গুজরাট টাইটানসকে ব্যাট করা আমন্ত্রণ জানায় রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুর। তবে চলতি আসরে রান সংগ্রাহকদের তালিকায় উপরের দিকে থাকা গুজরাটের অধিনায়ক শুভমান গিল এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে নেমে তিনি ফিরে যান মাত্র ১০ রান করে।
সেমিফাইনালে ২১৪ রান টপকে রাজস্থান রয়েলসের বিপক্ষে জয় পাওয়া গুজরাট এদিন নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে নটআউট থাকেন মিডলঅর্ডার ব্যাটার ওয়াশিংটন সুন্দর। অন্যদের মধ্যে ওপেনার সাই সুদর্শন ১২, নীশান্ত সিন্ধু ২০, জন বাটলার ১৯, আরশাদ খান ১৫ রান করেন।
এছাড়া রাহুল টেওয়াটিয়া, রশীদ খান এবং জেসন হোল্ডার প্রত্যেকে তাদের নামের পাশে ৭ রান যোগ করেন। সবশেষে ব্যাট হাতে নামা কাগিসো রাবাদা নটআউট থাকেন ৩ রান। ফলে নির্ধারিত ২০ ওভার থেকে ৮ উইকেট হারিয়ে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ১৫৫।
প্রথম ইনিংসে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের বোলার মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন ডানহাতি পেসার রাশিক সালাম দার। দুটি করে উইকেট নেন ভুবেনেশ্বর কুমার ও জস হ্যাজলউড। বাকি উইকেটটি পান বাঁ-হাতি স্পিনার ক্রুণাল পান্ডিয়া।
ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের খেতাব জিতে নেন রান করে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরকে দ্বিতীয় শিরোপা পাইয়ে দেওয়া ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। অন্যদিকে গোটা আসরে বোলারদের নির্দয়ভাবে পেটানো বৈভব সূর্যবংশী জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
এর আগে গত আসরের (২০২৫ সাল) ফাইনালে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে আইপিএলের প্রথম শিরোপা জিতেছিল বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুর।
বাংলা৭১নিউজ/জেএস























