বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

আস-সুন্নাহর রেকর্ড ১৬৬৫ কোরবানি, উপকৃত ৫৩ হাজার পরিবার

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশের ৬৪টি জেলায় একযোগে ৮৭৩টি স্পটে রেকর্ডসংখ্যক ১ হাজার ৬৬৫টি পশু কোরবানি সম্পন্ন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মাধ্যমে প্রায় ৫৩ হাজার অভাবী, দুস্থ ও পুষ্টিহীন মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, এ বছর কোরবানিকৃত পশুর মধ্যে গরু ছিল ৩৫৮টি এবং ছাগল ছিল ১ হাজার ৩০৭টি। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবার দেশের প্রত্যন্ত অঞ্চল, ভৌগলিকভাবে পিছিয়ে পড়া এলাকা এবং দুর্যোগপীড়িত জনপদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ জানান, কোরবানির আগেই কোরবানিদাতাদের কাছে তাদের পশুর নম্বর এবং কোথায় কোরবানি সম্পন্ন হবে, সে তথ্য ইমেইলের মাধ্যমে পাঠানো হয়। এছাড়া কোরবানি সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট পশুর ব্যানারসহ জীবিত ছবি, স্তূপীকৃত গোশতের ছবি এবং গোশত বিতরণের ছবিও ইমেইলের মাধ্যমে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা আস্থা ও বিশ্বাস রেখে নিজেদের কোরবানির আমানত আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওপর অর্পণ করেছেন, তাদের প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

একই সঙ্গে কোরবানির দিন দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করা কয়েক হাজার স্বেচ্ছাসেবকের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। পোস্টে তাদের এই শ্রম ও ত্যাগ কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

উল্লেখ্য, প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির গোশত পৌঁছে দিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন ব্যাপক পরিসরে কোরবানি কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com