শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

হামজার হাতে বর্ষসেরার মুকুট, বাকিরা কে কোন পুরস্কার পেলেন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস গড়া হামজা চৌধুরী এবার পেলেন দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া সম্মান। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এ বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে বিচারকদের ভোটে বর্ষসেরা ফুটবলার এবং দর্শক ভোটে পপুলার চয়েস অ্যাওয়ার্ডও জিতেছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ভিডিও বার্তায় নিজের অনুভূতি জানান।

তিনি বলেন, আমি এই পুরস্কার পেয়ে খুবই গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। আমি আমার পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু ও সমর্থকদের ধন্যবাদ জানাই।

বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে হামজার প্রতিদ্বন্দ্বী ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক। তিনি বলেন, বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে হয়ে আসছে। আগে ফুটবলার হিসেবে এখানে আসতাম, এখন ক্রীড়ামন্ত্রী হিসেবে এলাম। এটি আমাদের ক্রীড়াঙ্গনের বড় অর্জন।

গেস্ট অব অনার ছিলেন মালিক মোহাম্মদ সাইদ। তিনি জানান, স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড ‘কুল’ টানা ১১তমবারের মতো এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। 

১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কার প্রবর্তন করে বিএসপিএ। এবারের আসরে ১৬টি বিভাগে মোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়া সংস্থাকে সম্মাননা দেওয়া হয়েছে।

একনজরে বিজয়ীরা

১. বর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা (রানারআপ), আমিরুল ইসলাম (রানারআপ)।

২. পপুলার চয়েস অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী।

৩. বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন।

৪. বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা।

৫. বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম।

৬. বর্ষসেরা আর্চার: আবদুর রহমান আলিফ।

৭. বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা।

৮. বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার।

৯. উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)।

১০. বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)।

১১. বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী (হকি)।

১২. বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)।

১৩. তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)।

১৪. বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)।

১৫. সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি।

১৬. সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com