১৯৬৬ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। খবর বিবিসির।
সোমবার (২৩ নভেম্বর) ফিফা কংগ্রেসের ভোটাভুটিতে তা অনুমোদন পেয়েছে।
এই প্রথম নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাজ্য। একইসঙ্গে ১৯৬৬ সালের পর দেশটিতে ফিরছে ফুটবলের কোনো বিশ্বকাপ। সেবার পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড এবং শিরোপাও জিতেছিল স্বাগতিকরা।
২০৩৫ সালের আসরে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিন ধরে চলবে ১০৪ ম্যাচের প্রতিযোগিতা। যুক্তরাজ্যের যৌথ ‘অল টুগেদার’ বিডে প্রস্তাব করা হয়েছিল ১৯টি ভেন্যু। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, স্কটল্যান্ডে দুটি, ওয়েলসে দুটি এবং উত্তর আয়ারল্যান্ডে একটি ভেন্যু রয়েছে। চূড়ান্ত ভেন্যুর সংখ্যা পরবর্তী সময়ে নির্ধারণ করবে ফিফা।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইট আয়োজক হওয়ার স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, নারী ফুটবলের উন্নতিতে অবদান, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং বিশ্বের সমর্থকদের একত্র করার সুযোগ পেয়ে তারা সম্মানিত।
এদিন ২০৩১ নারী বিশ্বকাপের আয়োজক হিসেবেও চার দেশের যৌথ প্রস্তাব অনুমোদন করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা মিলে আয়োজন করবে সেই আসর। ২০৩১ ও ২০৩৫—দুই বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।
বাংলা৭১নিউজ/জেএস


























