মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

চসিকের খাল-নালা পরিষ্কার কর্মসূচি শুরু

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীর ৪১টি ওয়ার্ডে খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু করেছে।

রবিবার সকালে নগরীর জামালখানার লিচুবাগান এলাকায় নালা পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, নগরীর প্রায় ১,৬০০ কিলোমিটার ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জামালখান থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, সেটি প্রতিটি ওয়ার্ডে বাস্তবায়িত হবে। এসব ড্রেন পরিষ্কার করা সম্ভব হলে বর্ষাকালে জমে থাকা পানি দ্রুত নালার মাধ্যমে খাল হয়ে নদীতে প্রবাহিত হবে।

পাশাপাশি খাল সংস্কার কার্যক্রমও শুরু হয়েছে, এর মাধ্যমে সমন্বিতভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে। গত বছর প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ জলাবদ্ধতা কমাতে সক্ষম হয়েছি। এবার সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সমন্বয়ে কাজ করতে পারলে ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত জলাবদ্ধতা কমানো সম্ভব হবে।

তিনি বলেন, নালা পরিষ্কারের পর মাটি পাশে ফেলে না রেখে দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্ষাকালে দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ নালা ও ম্যানহোলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বেষ্টনী স্থাপন করা হবে। 

জলাবদ্ধতা নিরসনে বিশেষ কার্যক্রম তদারকিতে ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন মেয়র। তিনি বলেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী ও পরিচ্ছন্নতা সুপারভাইজারদের সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সরকার ইতোমধ্যে এ খাতে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ সঠিকভাবে ব্যয় করা গেলে নগরীর জলাবদ্ধতা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হবে।  

এ সময় আরো উপস্থিত ছিলেন মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, জলাবদ্ধতা বিষয়ক গবেষক ড. আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী প্রকৌশলী ইমরান হোছাইন খোকা, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ অনেকে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com