
চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকাজেও চরম জটিলতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্লান্টে তেল নিয়ে আসার পথে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। ঘটনার খবর পেয়ে সকাল ১০টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজে পৌঁছায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই রিলিফ ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে।
এই জোড়া দুর্ঘটনার কারণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলস্বরূপ, বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়েছে এবং সকাল থেকেই যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, ‘লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য সকাল ১০টায় ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছিল। কিছু সময়ের জন্য সেই ট্রেনটিও লাইনচ্যুত হয়। পরে রেল কর্মকর্তাদের বিচক্ষণতায় রিলিফ ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তেলবাহী ট্রেন উদ্ধারের কাজ চলমান।’
তিনি আরও বলেন, ‘রেললাইন মেরামত এবং ট্রেনটি সরিয়ে নেওয়ার পর দ্রুত এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’
বাংলা৭১নিউজ/এবি