সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে ভোটের আমেজ, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ

বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগের দিন বুধবার সকাল থেকেই জেলাজুড়ে বইতে থাকে উৎসব-উদ্দীপনা।

ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ১০টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ ১৭ ধরনের নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। বিকেল পর্যন্ত এ কার্যক্রম চলে।

সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন উপজেলা প্রশাসন কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেন। বগুড়া সদরে সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সদস্য পল ক্যামেলিয়ার ও ইভিলিন কিভিমা। তাঁরা ভোটগ্রহণের প্রস্তুতি ও সরঞ্জাম বিতরণের স্বচ্ছতা তদারকি করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল, সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়ার সাতটি সংসদীয় আসনের ১২টি উপজেলায় মোট ৯৮৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৪৭৮টি। এর মধ্যে ৫ হাজার ১৪৮টি স্থায়ী এবং ৩৩০টি অস্থায়ী ভোটকক্ষ।

বগুড়া সদর আসনে রয়েছে ১৫০টি ভোটকেন্দ্র। এর মধ্যে পৌরসভা এলাকায় ৮৬টি এবং ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্র ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ বলেন, সকাল ১০টা থেকে ব্যালট পেপারসহ সব ধরনের সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে সদর উপজেলার ১৫০টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের মোবাইল টিম। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার সাতটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১১টি পৌরসভা রয়েছে। সাতটি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন।

বুধবার সদর উপজেলা ছাড়াও সারিয়াকান্দি, সোনাতলা, কাহালু, নন্দীগ্রাম, শেরপুর ও ধুনটসহ অন্যান্য উপজেলার ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com