
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। পাকিস্তানের বয়কটের ঘোষণা থেকে ফিরে আসার সম্ভাবনা দেখছেন রবিচন্দ্রন অশ্বিন।
কলম্বোতে ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু গত রোববার পাকিস্তান সরকার ঘোষণা করে দিয়েছে- দল বিশ্বকাপে অংশ নেবে ঠিকই, তবে ভারতের বিপক্ষে মাঠে নামবে না। এই সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে।
এই ম্যাচ না হলে আইসিসির আর্থিক ক্ষতি হবে বিশাল। সম্প্রচারক, স্পনসর এবং অন্যান্য সদস্য দেশগুলোর রাজস্বে বড় ধাক্কা লাগবে। খবরে বলা হচ্ছে, পাকিস্তানকে জরিমানা করা হতে পারে, আইসিসির রাজস্ব থেকে তাদের ভাগ কমানো যেতে পারে, এমনকি পিএসএলে বিদেশি খেলোয়াড়দের এনওসি না দেওয়ার মতো কঠোর পদক্ষেপও আসতে পারে। আইসিসি ইতিমধ্যে পাকিস্তানকে সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব খুবই গুরুতর হবে।
ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে এ নিয়ে স্পষ্ট ভাষায় বলেছেন, “ভারত-পাকিস্তান ম্যাচটা শতভাগই হবে। আমার মনে হয়, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটবে। আমি নিজেও এই ম্যাচটা দেখতে চাই।”
অশ্বিনের যুক্তি, এই ম্যাচ না হলে শুধু পাকিস্তান নয়, আইসিসির সব সদস্য দেশ, সম্প্রচারকারী সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডাররা আর্থিক ক্ষতির মুখে পড়বে। তাই চাপের মুখে পাকিস্তানকে সমঝোতায় আসতেই হবে। তিনি আরও বলেন, “এত বড় অঙ্কের ক্ষতি কেউ চাইবে না। সবাই মিলে চাপ দেবে, তাই সিদ্ধান্ত বদলাবেই।”
আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
বাংলা৭১নিউজ/এএস