শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

দেশকে লুটেপুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না : জামায়াত আমির

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দেশকে লুটেপুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চাই।

রবিবার রাজধানীর ধূপখোলা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আগামী ১২ তারিখে কোনো দুর্বৃত্ত ভোটের বাক্সে হাত দিতে এলে জনগণের সহায়তায় তাদের হাত গুঁড়িয়ে দেওয়া হবে।

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের কড়া সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি কিছু উৎপাত দেখতে পাচ্ছি– এখান থেকে ওখান থেকে। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অনেকেই প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সঙ্গে শক্ত কণ্ঠে অনুরোধ জানাব, মেহেরবানি করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না।

তিনি আরও বলেন, সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কারো আধিপত্য মেনে নেওয়া হবে না। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অনেকেই নাক গলাতে আসছে; আমরা দেশের বিষয়ে কোনো বিদেশি শক্তির নাক গলানো মেনে নেব না।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই ১৮ কোটি মানুষের। কাউকে এককভাবে এই লড়াইয়ের মাস্টারমাইন্ড বলা হলে শহীদদের অপমান করা হয়। এই যুদ্ধের মাস্টারমাইন্ড ছিল দেশের ১৮ কোটি মানুষ।

জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা আপনাদের দোয়া দিয়ে, ভালোবাসা দিয়ে ও সমর্থন দিয়ে ভোট দিয়ে আমাদের একটা সুযোগ দেন। আল্লাহতে ভরসা করেন, আমরা বলেছি চাঁদা আমরা নেব না, চাঁদা নিতে দেবও না। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না, দুর্নীতি আমরা সহ্যও করব না।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com