
আগামী সংসদ নির্বাচনের জন্য যাচাই-বাছাই শেষে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ তথ্য জানান রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। এর আগে জেলার ৫৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
গাজীপুর-১ আসনে দরকারি কাগজপত্র জমা না দেওয়ায় জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম ও গণফ্রন্টের আতিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
গাজীপুর-২ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকায় গণফ্রন্টের আতিকুল ইসলাম, খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন, স্বতন্ত্র প্রার্থী জিত বড়ুয়া ও তাপসী তন্ময় চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়।
নির্ধারিত হলফনামায় তথ্য সঠিকভাবে উল্লেখ না করায় গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। যথাযথ হলফনামা দাখিল না করায় জাতীয় পার্টির মোহাম্মদ ইস্রাফিল মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়া হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষরের ঘাটতির কারণে জনতার দলের মোহাম্মদ শরিফুল ইসলামের এবং হলফনামা সঠিকভাবে দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী মো. সালাহ উদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়।
গাজীপুর-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে কাগজপত্রে ত্রুটি ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী গোলাম শাব্বির আলী, ইসলামী ঐক্য জোটের হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজীপুর-৪ আসনে মনোনয়ন বাতিল হয়েছ চার জনের। এক শতাংশ ভোটারের স্বাক্ষরে আপত্তি থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. শফিউল্লাহর মনোনয়ন, নন জুডিসিয়াল স্ট্যাম্পে হলফনামা দাখিল না করায় ও দলীয় অঙ্গীকারনামা না থাকায় আম জনতার দলের প্রার্থী মো. জাকির হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. কাজিম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাসেমের মনোনয়ন বাতিল করা হয়।
গাজীপুর-৫ আসনে মনোনয়ন ফরম সঠিকভাবে পূরণ করতে না পারায় জাতীয় পার্টির প্রার্থী ডা. মো. সফিউদ্দিন সরকারের প্রার্থিতা বাতিল হয়। আরেক প্রার্থী বাংলাদেশ খেলাফতে মজলিসের রুহুল আমীনের মনোনয়নপত্র বাতিল হয়েছে প্রস্তাবকারীর ভোটার আইডি কার্ডের তথ্যে ভুল থাকায়।
বাংলা৭১নিউজ/এসএস