শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

এবার পুতিনকে চিঠি দিলেন খামেনি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাহায্য চেয়ে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খামেনির দেওয়া চিঠি নিয়ে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইতিমধ্যেই চিঠিটি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নিকট হস্তান্তর করা হয়েছে। খবর রয়টার্সের। 

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চায় ইসরাইল ও মার্কিন হামলার বিরুদ্ধে আরও কিছু করুক পুতিন। যদিও খামেনি কেমন সহায়তার কথা জানিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রটি। 

এদিকে সোমবার বৈঠকে আব্বাস আরাগচিকে পুতিন বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন। ক্রেমলিনে আরাগচির সঙ্গে আলোচনার শুরুতে পুতিন এ মন্তব্য করেন এবং বলেন, ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। 

ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাগচি বলেন, রাশিয়া ‘সঠিক ইতিহাসের পক্ষে’ অবস্থান নিয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এ দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তিই দেওয়া হোক না কেন—আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এ হামলা।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি। চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দিচ্ছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com